Logo
Logo
×

জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তার আহ্বান শামা ওবায়েদের

Icon

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১১ পিএম

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তার আহ্বান শামা ওবায়েদের

রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ক্রিমিনোলজি বিভাগ ও ক্রিমিনোলজি রিসার্চ ফোরাম আয়োজিত ‘অনিশ্চিত প্রত্যাবর্তন: রোহিঙ্গা কণ্ঠস্বর প্রত্যাবাসন’ শীর্ষক জাতীয় নীতি প্রচার কর্মসূচিতে এ আহ্বান জানান তিনি। 

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণের কথা স্মরণ করেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে প্রধানমন্ত্রীর তুলে ধরা পাঁচটি জরুরি অগ্রাধিকার- যেমন টেকসই প্রত্যাবাসনের জন্য একটি বিশ্বাসযোগ্য কর্মপরিকল্পনা, সহিংসতা বন্ধ, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং আন্তঃসীমান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ওপর আলোকপাত করেন। 

তিনি রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রক্রিয়া পরিচালনার লক্ষ্যে একটি ‘জাতীয় কৌশল প্রণয়ন কমিটি’ গঠনের বিষয়টিও উল্লেখ করেন।

তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারকে তাদের আবাসভূমি হিসেবে প্রত্যাখ্যান করছে না; বরং তারা এমন পরিস্থিতিতে ফিরে যেতে অস্বীকার করছে যা তাদের দেশত্যাগে বাধ্য করেছিল। তিনি একটি বিশ্বাসযোগ্য কর্মপরিকল্পনার মূল স্তম্ভ হিসেবে স্বীকৃতি ও পরিচয়, ভূমি ও সম্পত্তি, নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্য নিশ্চয়তাসহ আস্থার বিষয়গুলোকে চিহ্নিত করেন।

তিনি আরও বলেন, প্রত্যাবাসন হলো আস্থার বিষয় এবং রোহিঙ্গারা দয়া বা অনুদান নয়, বরং তাদের অধিকারের দাবি জানাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, এই সংকটের সমাধান মিয়ানমারেই নিহিত এবং বাংলাদেশ অনির্দিষ্টকাল ধরে এই সংকটের বোঝা বহন করতে পারে না। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর ওপর অপরাধ ও নিরাপত্তাহীনতার যে প্রভাব পড়ছে, তাকে নতুন স্বাভাবিক অবস্থা হিসেবে মেনে নেয়া যায় না। 

এর আগে, গবেষণা দলটি তাদের গবেষণার বিষয়টি তুলে ধরে; এই গবেষণায় কক্সবাজারের উখিয়ায় অবস্থিত ১৭টি ক্যাম্পের ৮১৬ জন রোহিঙ্গা অংশগ্রহণকারীর ওপর জরিপ চালানো হয়েছিল। এছাড়া, প্রত্যাবাসন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে ৭২টি গভীর সাক্ষাৎকারও গ্রহণ করা হয়েছিল।

পাশাপাশি, ক্রিমিনোলজি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত একটি প্রবন্ধ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন