শিশুদের জন্য নিরাপদ শৈশব ও আধুনিক শিক্ষা নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পিএম
দেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ শৈশব, নৈতিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার সুদৃঢ় অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) ও শিশু অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন। ২০২৬ সালের অক্টোবরে প্রতিষ্ঠানটি সফলতার ৫০ বছর পূর্ণ করল। এ উপলক্ষ্যে ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবস উদযাপিত হচ্ছে।
সমাজে বিদ্যমান বিভিন্ন সংকট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "সমৃদ্ধ সমাজ গঠনে শিশুদের বিকাশ অপরিহার্য হলেও শিশুশ্রম, বাল্যবিয়ে, সহিংসতা ও বৈষম্যের মতো চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। এসব সামাজিক ব্যাধি দূর করতে রাষ্ট্র, সমাজ ও পরিবারকে একযোগে কাজ করতে হবে।"
তিনি আরও বলেন, প্রতিটি শিশুই আগামী দিনের সম্ভাবনা ও চালিকাশক্তি। শিশুদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের পরিবেশ তৈরি করা সবার জাতীয় ও নৈতিক দায়িত্ব। ১৯৭৮ সাল থেকে শুরু হওয়া ‘জাতীয় শিশু পুরস্কার’ প্রতিযোগিতা শিশুদের মেধা বিকাশে বড় ভূমিকা রাখছে বলেও তিনি মন্তব্য করেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ১৯৯৪ সালে আইএলও-র আইপিইসি (IPEC) প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণসহ শিশুদের প্রাতিষ্ঠানিক সুরক্ষায় তাঁর ভূমিকা অনন্য ছিল।
পরিশেষে, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া ও শিল্প-সাহিত্যে আজকের শিশুরাই দেশকে বিশ্বদরবারে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তির সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান।



