Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখছে ইইউ: রাষ্ট্রদূত

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম

বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখছে ইইউ: রাষ্ট্রদূত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশকে ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বসম্পন্ন অংশীদার হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, দক্ষিণ এশিয়া, বঙ্গোপসাগর ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব অত্যন্ত বেশি।

রোববার (৪ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর দ্বিতীয় দিনের এক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

মাইকেল মিলার বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম গতিশীল অর্থনীতির একটি এবং ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির তালিকায় জায়গা করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময় দেশটি স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি, রাজনৈতিক রূপান্তর, অর্থনৈতিক চাপ, জলবায়ু ঝুঁকি এবং বৈশ্বিক অনিশ্চয়তার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

তিনি বলেন, এসব বাস্তবতার প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে আর শুধু উন্নয়ন সহযোগিতার দৃষ্টিকোণ থেকে দেখছে না; বরং একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করছে।

ইইউ রাষ্ট্রদূত উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের ‘অস্ত্র ছাড়া সবকিছু’ (Everything But Arms-EBA) বাণিজ্য সুবিধা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে এখন সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চায় ইইউ।

তিনি জানান, বাংলাদেশের সফল এলডিসি উত্তরণ নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে। এলডিসি থেকে এখনো উত্তরণ না করা কোনো দেশের সঙ্গে এ ধরনের উদ্যোগ নেওয়া ইইউর জন্য বিরল বলে মন্তব্য করেন তিনি।

মাইকেল মিলার বলেন, বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগকারীদের জন্য সমান সুযোগ এবং পূর্বানুমানযোগ্য ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো, কার্যকর তদারকি ব্যবস্থা এবং অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ হবে।

তিনি আরও বলেন, ভূরাজনীতি, ভূ-অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর ও সামাজিক পরিবর্তনের চাপ মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করতে ইইউ বিভিন্ন নতুন উদ্যোগ নিয়ে কাজ করছে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, দেশে যে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে, তা সফলভাবে এগিয়ে নিতে রাজনৈতিক অঙ্গনে বৃহত্তর ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন।

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিনদিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশের নীতিনির্ধারক, গবেষক, কূটনীতিক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন