সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে যৌথ অভিযান
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পিএম
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত ফুয়াং ক্লাবে অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ইনটেলিজেন্স বা নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে ক্লাবটিতে যৌথ এ অভিযান শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন হিসেবে পরিচিত তেজগাঁওয়ের ফুয়াং ক্লাবে আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্যাট গোয়েন্দারা অভিযান পরিচালনা করছেন। তবে অভিযানের সুনির্দিষ্ট কারণ বা এতে কী পাওয়া গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফুয়াং ক্লাবটি এর আগেও আলোচনায় এসেছিল। ২০১৯ সালে ক্লাবটিতে জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছিল।
এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর দক্ষিণ গুলশানে অবস্থিত ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর একটি ওয়্যারহাউজে যৌথ অভিযান পরিচালনা করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)।
ওই অভিযানে শুল্কমুক্ত মদ অবৈধভাবে মজুত রাখার অভিযোগে শেখ নূর ইসলামের মালিকানাধীন দুটিসহ মোট চারটি গুদাম সিলগালা করা হয়।
সর্বশেষ ফুয়াং ক্লাবে পরিচালিত অভিযানের বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা চলছে।



