Logo
Logo
×

জাতীয়

নিজের ঘরের দিকে আগে তাকান: জামায়াতকে প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:২১ পিএম

নিজের ঘরের দিকে আগে তাকান: জামায়াতকে প্রধানমন্ত্রী

বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজেদের ঘরের দিকে তাকানো উচিত। তিনি অভিযোগ করেন, তাদের ঘরের লোকেরা নারী নির্যাতনে জড়িত, সেটি সামাল না দিয়ে অন্যকে নসিহত করা অনুচিত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরামে ১৫শ’ কোটি টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া সেচ প্রকল্প উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি গুপ্ত রাজনৈতিক দলের নেতারা নানা উপদেশ দিচ্ছেন, কিন্তু নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দিচ্ছেন না। অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেদের সময়ে নারীদের জন্য এবং সাধারণ মানুষের উন্নয়নে কী করা হয়েছে, তার হিসাব জনগণের সামনে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, গত কয়েক বছরে ভোটের অধিকার ও গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী নির্যাতন, গ্রেফতার ও হয়রানির শিকার হয়েছেন। এখন মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সময় এসেছে। কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াচ্ছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ উন্নয়নমূলক কর্মসূচি বাধাগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।

আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, অতীতে আইনের শাসন ভূলুণ্ঠিত হয়েছিল। বিএনপি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। একই সঙ্গে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে রাজনৈতিকভাবে সতর্ক থাকার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের জন্য নেওয়া কর্মসূচি, নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং নদী-খাল খননসহ সব উদ্যোগের মূল লক্ষ্য সাধারণ মানুষকে উপকৃত করা। বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এবং তাদের কল্যাণে কাজ করতে চায়।

সমাবেশে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল চৌধুরী মিন্টু, স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন