আওয়ামী লীগের দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী ও সমর্থকদের আইনের আওতায় আনতে সক্ষম পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ বিষয়ে গোয়েন্দা তথ্য আরও কার্যকরভাবে কাজে লাগানোর জন্য পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, যারা ফ্যাসিবাদী শক্তি এবং আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করা হবে। সম্প্রতি এমন কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে বলেও উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, অনেক অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন দেশে অবস্থান করলেও তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। এ ক্ষেত্রে পুলিশের গোয়েন্দা সক্ষমতা আরও কার্যকরভাবে ব্যবহারের আহ্বান জানান তিনি। তার মতে, পুলিশের গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা যথাযথভাবে কাজে লাগাতে হবে।
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে কিংবা গোপনে নিষিদ্ধ রাজনৈতিক শক্তির সহযোগিতা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করতেও সরকার পিছপা হবে না।
তিনি বলেন, বাহিনীর সব স্তরের সদস্যদের জন্য বার্তা একটাই, দায়িত্ব পালনে শৃঙ্খলা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ও দায়িত্বশীল হতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকরা কোনো অপরাধ বা নিরাপত্তাজনিত সমস্যার মুখোমুখি হলে প্রথমেই পুলিশের দ্বারস্থ হন। তাই জনগণের আস্থা বজায় রাখা পুলিশের অন্যতম দায়িত্ব।
তিনি আরও বলেন, সরকার এমন একটি আধুনিক পুলিশ বাহিনী গড়ে তুলতে চায়, যা দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা, মানবিক আচরণ, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠবে।



