ইউএই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ এএম
প্রধানমন্ত্রী সঙ্গে ইউএই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক অংশীদারত্ব, জনশক্তি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।
প্রধানমন্ত্রী দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষের আগ্রহের কথাও উঠে আসে।



