Logo
Logo
×

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছর হতে পারে: প্রতিমন্ত্রী

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পিএম

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছর হতে পারে: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের সব নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।

বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন এবং সৌরবিদ্যুতের ব্যবহার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ইসি তাদের পরিকল্পনার কথা জানিয়েছে। তবে নির্বাচন কবে শুরু হবে এবং কোন সময়ের মধ্যে শেষ হবে, সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তিনি বলেন, রমজান, এসএসসি পরীক্ষা এবং ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার বিষয়গুলো বিবেচনায় নিয়েই নির্বাচন কমিশন সময়সূচি নির্ধারণ করবে। এছাড়া ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারের বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কি না জানতে চাইলে মীর শাহে আলম বলেন, ইসির নির্ধারিত সময়সীমা বিবেচনায় তার কাছে মনে হচ্ছে নির্বাচন আগামী বছর শুরু হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে।

তিনি আরও জানান, চলতি মাসের শেষ দিকে অথবা আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে আরেকটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হতে পারে। ওই বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে নির্বাচনের সময়সূচি নিয়ে চূড়ান্ত আলোচনা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে চাওয়া হচ্ছে চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন হোক। তবে নির্বাচন শুরু করার সময় নির্ধারণ সরকারের নয়, নির্বাচন কমিশনের এখতিয়ার।

নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজন হতে পারে প্রায় ৬ হাজার কোটি টাকা

স্থানীয় সরকারের পাঁচ ধরনের নির্বাচন আয়োজন করতে প্রাথমিকভাবে প্রায় ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন মীর শাহে আলম। এর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা পরিষদ নির্বাচনে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে।

তিনি বলেন, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে তুলনামূলক কম অর্থ প্রয়োজন হবে। সম্ভাব্য ব্যয়ের কাছাকাছি অর্থ বরাদ্দ দেওয়ার প্রস্তুতি সরকারের রয়েছে, যদিও চূড়ান্ত হিসাব অনুযায়ী এ অঙ্ক কিছুটা কমবেশি হতে পারে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব নিয়ে মন্তব্যে সতর্ক প্রতিমন্ত্রী

সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব স্থানীয় সরকার নির্বাচনে পড়তে পারে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি। তাই এ বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জয়-পরাজয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঝুঁকি তৈরি করতে পারে বলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মন্তব্যটি যিনি করেছেন, তার কাছ থেকেই ব্যাখ্যা নেওয়া ভালো।

মীর শাহে আলম বলেন, এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি এবং আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীও মাঠে নামেননি। ফলে নির্বাচন ও ভোটারদের প্রতিক্রিয়া সম্পর্কে এখনই কোনো মূল্যায়ন করা সমীচীন হবে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন