Logo
Logo
×

জাতীয়

শেখ হাসিনাকে ফেরানোর পদক্ষেপ ও অগ্রগতির প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

শেখ হাসিনাকে ফেরানোর পদক্ষেপ ও অগ্রগতির প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি

ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক ও আইনগত পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে এ বিষয়ে সরকারের উদ্যোগ ও অগ্রগতি সংসদীয় কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী।

বৈঠক শেষে কমিটির সভাপতি গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সরকারের অন্যতম এজেন্ডা। বিষয়টি নিয়ে বৈঠকে উপস্থিত দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, তারা এ বিষয়ে কাজ করছেন। শেখ হাসিনাকে ফেরাতে মন্ত্রণালয় কী কী উদ্যোগ নিয়েছে, তার প্রতিবেদন কমিটিতে দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে কমিটি মন্ত্রণালয়কে কীভাবে সহযোগিতা করতে পারে, তা জানাতেও বলা হয়েছে।

এদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতেও বলা হয়, বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। তাকে ফেরাতে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়। প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব থাকবে, তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে বলে মত দেন কমিটির সদস্যরা।

বৈঠকে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, অতীতে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে পদ্ধতিগত দুর্বলতা এবং যথাযথ যাচাই-বাছাইয়ের অভাবে নানা সমস্যা তৈরি হয়েছে। এসব সমস্যা মোকাবিলায় প্রবাসী কর্মীদের তথ্য ও নথিপত্রের যথাযথ সত্যায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্বচ্ছ ও কার্যকর প্রক্রিয়ায় যাচাই করা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়।

বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে অগ্রগতিও পর্যালোচনা করা হয়। আগামী অক্টোবর মাসে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনার কথা জানায় সংসদীয় কমিটি।

সভাপতি জহরত আদিব চৌধুরী ছাড়াও বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, আমানউল্লাহ আমান, এস কে আজিজুল বারী, এ বি এম মোশাররফ হোসেন ও সানজিদা ইসলাম অংশ নেন। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠকে উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন