বাংলাদেশ-ভারত সম্পর্ক মর্যাদার ভিত্তিতে বজায় রাখতে হবে: স্পিকার
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মর্যাদার ভিত্তিতে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, ভারত পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে সেখান থেকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা দরকার হলেও তাদের আচরণে আন্তরিকতা নেই, কেবল কূটনৈতিক কথাবার্তাই চলছে। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে দুই দেশের মধ্যে প্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় থাকবে।
তিনি আরও বলেন, একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায় হয়েছে। প্রায় দুই বছর অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের ম্যান্ডেট পেয়েছে।
নতুন সরকারের বয়স মাত্র সাত মাস উল্লেখ করে স্পিকার বলেন, গত ১৭ বছরের দুঃশাসন, হত্যা, গুম, অর্থপাচার ও দুর্নীতির কারণে দেশের প্রতিটি খাত ধ্বংসের মুখে পড়েছিল। তবে নতুন সরকার ইতোমধ্যে উন্নয়নের কাজ শুরু করেছে।
তিনি বলেন, সরকারি দল ও বিরোধী দল যদি জাতীয় ঐকমত্যে আসে, তবে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় সফল হবে। জুলাই বিপ্লবের চেতনা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারি ও বিরোধী উভয় পক্ষই প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় তিনি উল্লেখ করেন, দেশে জনগণের বাকস্বাধীনতা ফিরে এসেছে। আওয়ামী লীগ আমলে সত্য কথা বলার কারণে অনেককে ক্রসফায়ারে জীবন দিতে হয়েছে এবং বহু মানুষ গুম হয়েছেন। বিএনপির সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ও পারভেজকে সত্য বলার কারণেই প্রাণ হারাতে হয়েছে।
মতবিনিময় সভায় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর এবং সদস্য সচিব রাইসুল আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



