Logo
Logo
×

জাতীয়

সার তদারকিতে কৃষি মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম

সার তদারকিতে কৃষি মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম

সার সরবরাহ, মজুদ, পরিবহন, বিতরণ ও খুচরা বিক্রয় কার্যক্রম সার্বক্ষণিক তদারকির জন্য ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ গঠন করেছে কৃষি মন্ত্রণালয়। মাঠপর্যায়ে সারসংক্রান্ত কোনো সমস্যা বা অনিয়ম দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মো. মাকছুদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের ৫২৮ নম্বর কক্ষে কন্ট্রোল রুমের কার্যক্রম চলবে। এ জন্য ২৭টি দল গঠন করা হয়েছে, প্রতিটি দলে একজন কর্মকর্তা, একজন প্রশাসনিক কর্মকর্তা ও একজন অফিস সহায়ক থাকবেন।

কন্ট্রোল রুমের কার্যক্রম ১১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দুই শিফটে চলবে—প্রথম শিফট সকাল ৮টা থেকে বেলা ৩টা এবং দ্বিতীয় শিফট বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ)।

কন্ট্রোল রুমের দায়িত্বের মধ্যে রয়েছে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সার সরবরাহ, মজুদ, পরিবহন ও বিতরণসংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা। কোথাও অনিয়ম, কৃত্রিম সংকট, অবৈধ মজুদ, কালোবাজারি বা অতিরিক্ত দামে সার বিক্রির তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

এ ছাড়া কৃষক, সার ডিলার, পরিবহনকারীসহ সংশ্লিষ্টদের অভিযোগ গ্রহণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসন, কৃষি বিভাগ, সার ডিলার ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিদিনের সার পরিস্থিতি, অভিযোগ, গৃহীত ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি রেজিস্টারে সংরক্ষণ করে দৈনিক ও সাপ্তাহিক প্রতিবেদন তৈরি করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত সারসংক্রান্ত খবরও যাচাই করে মাঠপর্যায়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কন্ট্রোল রুমের যোগাযোগের জন্য দেওয়া হয়েছে ফোন নম্বর: ০৫০৩৫১।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন