Logo
Logo
×

জাতীয়

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

Icon

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সারা দেশে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে নতুন করে যেসব শিশু হামে আক্রান্ত হচ্ছে, তাদের বেশিরভাগই এখনো হামের টিকা নেয়নি। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে দেশজুড়ে আবারও হামের টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এখনো যেসব শিশু টিকার আওতায় আসেনি, তাদের জন্য ইউনিসেফ থেকে নতুন টিকা এসেছে। এসব টিকা দিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে পুনরায় বড় পরিসরে ক্যাম্পেইন শুরু করা হবে।

হামের প্রকোপ মোকাবিলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিগত সরকার কোনো টিকা রেখে না যাওয়ায় শুরুতে হামের প্রকোপ মোকাবিলায় কিছুটা বেগ পেতে হয়েছে। তবে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এক কোটির বেশি টিকা সংগ্রহ করে ক্যাম্পেইন পরিচালনা করেছে।

ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাসাবাড়িতে ফুলের টবে পানি জমে থাকলে সেখানে মশার লার্ভা জন্মায়। এই পরিস্থিতিতে ডেঙ্গু হওয়া খুবই স্বাভাবিক। তবে ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ব্যাপক কাজ শুরু হয়েছে। শুধু রাজধানী নয়, সারা দেশের মফস্বল এলাকাতেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।

এদিন সেমিনারে অংশ নেয়ার আগে সকালে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত একটি র‌্যালিতে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সেমিনারে অংশ নিয়ে সরকার দেশে আত্মহত্যার প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে বলেও জানান তিনি।

এসোসিয়েশন ফর ডিজএবল্ড পিপল (এডিপি) ও রোটারি ক্লাব অব আহসান মঞ্জিল ঢাকা আয়োজিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন এডিপির চেয়ারম্যান রওশন আরা জামান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন