ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ কর না দেওয়ার রিটের রুল খারিজ করে এ রায় ঘোষণা করেন। রায়ে তিন অর্থবছরে গ্রামীণ কল্যাণকে কর বাবদ ৬৬৬ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর হাইকোর্ট স্বপ্রণোদিতভাবে এ কর আদায়ের রায় প্রত্যাহার করে প্রধান বিচারপতির কাছে মামলার নথি পাঠান। পরে নতুন বেঞ্চে মামলাটি পাঠানো হয়। পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষে প্রদেয় কর দাবি ঘিরে গ্রামীণ কল্যাণ ২০১৭ সালে দুটি পৃথক রিট করে। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছিলেন।
আজ নতুন বেঞ্চ সেই রুল খারিজ করেছে। ফলে রিট খারিজ হওয়ায় এনবিআর গ্রামীণ কল্যাণের কাছ থেকে আয়কর বাবদ ৬৬৬ কোটি টাকা আদায় করতে পারবে।



