মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পিএম
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ের বিল দাখিল ও অর্থ বরাদ্দের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ভ্রমণ ব্যয়ের বিলের সঙ্গে প্রয়োজনীয় প্রমাণক সংযুক্ত করা, নির্ধারিত সময়ের মধ্যে অগ্রিম সমন্বয় এবং বিলের তিনটি সেট দাখিলসহ সাতটি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর মন্ত্রিসেবা শাখা থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়েছে, সরকারি কাজে দেশে ও বিদেশে ভ্রমণ শেষে প্রকৃত ব্যয় পরিশোধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিল দাখিল করতে হবে।
বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে সরকারপ্রধান কর্তৃক অনুমোদিত সারসংক্ষেপের কপি এবং অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অফিস আদেশের কপি বিলের সঙ্গে সংযুক্ত করতে হবে। যানবাহন ভাড়ার ক্ষেত্রে প্রকৃত ভাড়ার টিকিট, বিমান ভ্রমণে টিকিটের সঙ্গে বোর্ডিং পাস, অনুমোদিত ভ্রমণসূচি এবং হোটেলে অবস্থানের ক্ষেত্রে প্রকৃত বিলের কপি জমা দিতে হবে।
এছাড়া বৈদেশিক ভ্রমণের ব্যয়ের ক্ষেত্রে টাকার সঙ্গে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার বিনিময় হার সংক্রান্ত বিবরণী এবং অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে ভাউচার বা প্রমাণক দাখিল করতে হবে। অগ্রিম অর্থ নিয়ে ভ্রমণ করলে ভ্রমণ শেষ হওয়ার এক মাসের মধ্যে সমন্বয় বিল জমা দিতে হবে। আগের অগ্রিম বিল সমন্বয় না হলে নতুন ভ্রমণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে না।
নথি ব্যবস্থাপনা ও অর্থ ছাড়ের সুবিধার্থে বিলের মূলকপিসহ তিন সেট জমা দিতে হবে এবং সব ফটোকপি যথাযথভাবে সত্যায়িত করতে হবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারপ্রধান কর্তৃক অনুমোদিত সময়ের বাইরে ভ্রমণ করলে পুনরায় অনুমোদন নিতে হবে। পরিপত্রটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে এবং এতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) শারমিন ইয়াসমিন।



