গাজী নজরুলকে বাদ দিয়ে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ফাইল ছবি
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নাম সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটিতে রাখার প্রস্তাবে আপত্তি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরে তার আপত্তির পর গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) এই কমিটি গঠন করা হয়।
নৈতিকতার দিক থেকে গাজী নজরুলকে কোনো সংসদীয় কমিটিতে না রাখা হলে সেটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও জানান বিরোধী দলীয় নেতা।
এ সময় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করা হলে স্বয়ংক্রিয়ভাবে তার সংসদ সদস্য পদ বাতিল হয় না। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ না নেয়ায় তার এমপি পদ শূন্য করা যেতে পারে।
এর আগে গত ২২ জুলাই নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।



