নাসা গ্রুপ চেয়ারম্যান নজরুলের বিদেশি সম্পত্তি অবরুদ্ধ
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী নাসরিন ইসলামসহ সংশ্লিষ্টদের বিদেশি সম্পত্তি অবরুদ্ধ করেছে ব্রিটিশ ক্রাউন-নির্ভর স্বশাসিত অঞ্চল আইল অব ম্যান কর্তৃপক্ষ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঠানো পারস্পরিক আইনগত সহায়তা অনুরোধের (এমএলএআর) ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন, এ-সংক্রান্ত ১৬১ পৃষ্ঠার রেকর্ডপত্র দুদকের হাতে এসেছে এবং তা তদন্তে পর্যালোচনা করা হবে। দুদকের নথি অনুযায়ী, নজরুল ইসলাম মজুমদার, নাসরিন ইসলাম ও ওয়ান প্রপার্টি লিমিটেডসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে আইল অব ম্যান কর্তৃপক্ষ অনুরোধকৃত সব কার্যক্রম সম্পন্ন করেছে।
তবে সম্পত্তি অবরুদ্ধের বিষয়টি স্থায়ী বাজেয়াপ্ত নয়। আদালতের আদেশ অনুযায়ী, বাংলাদেশে চলমান তদন্তের অগ্রগতি জানিয়ে আইল অব ম্যানের আদালতে হালনাগাদ প্রতিবেদন দাখিল করতে হবে। আগামী ২০২৭ সালের ২০ মের মধ্যে এ প্রতিবেদন জমা দিতে হবে, অন্যথায় আদালত সম্পত্তি আটকের আদেশ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করতে পারে।
দুদকের নথিতে আরও উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৩ শাখার চিঠির পরিপ্রেক্ষিতে আইল অব ম্যান থেকে পাওয়া রেকর্ডপত্র তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নাসা গ্রুপ ও সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবেই এ তথ্য ও সহযোগিতা চাওয়া হয়েছিল। অভিযোগের আওতায় নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী ছাড়াও তাদের পরিবারের সদস্যদের নাম রয়েছে।



