সহনশীলতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
সংঘাত ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে দেশকে সহনশীলতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সকাল ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি বলেন, “আমরা প্রতিশোধ ও সংঘাতের রাজনীতি চাই না। এখন গণতন্ত্র ও সহনশীলতার রাজনীতির দিকে দেশের মানুষের যাওয়া উচিত।”
রাষ্ট্রপতি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে বিভাজন নয়, বরং সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূরণ করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই নির্মাণকাজ শুরু হবে। এর মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহরের প্রধান সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থাপনা সাজানো হয়েছে। রাষ্ট্রপতির যাতায়াতের পথ ও কর্মসূচিস্থলে জোরদার করা হয়েছে নিরাপত্তা।



