মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরার আহ্বান হাইকমিশনের
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ এএম
মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। দেশটিতে প্রতিদিনই ইমিগ্রেশন বিভাগের চিরুনি অভিযান চলছে। এ পরিস্থিতিতে গ্রেফতার এড়িয়ে সরকারি সুযোগ কাজে লাগিয়ে দ্রুত দেশে ফেরার আহ্বান জানানো হয়েছে।
রোববার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম এ আহ্বান জানান। তিনি বলেন, মালয়েশিয়া সরকার অনিয়মিত অভিবাসীদের নিরাপদে দেশে ফেরার সুযোগ দিতে মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২.০ চালু করেছে।
দেশে ফিরতে বৈধ ও মেয়াদযুক্ত পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট না থাকলে বা মেয়াদ শেষ হয়ে গেলে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট (টিপি) নেওয়া যাবে। এরপর নিশ্চিত বিমান টিকিট সংগ্রহ করতে হবে। নিয়ম অনুযায়ী, ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্টের কমপক্ষে পাঁচ দিন পর এবং ১৪ দিনের মধ্যে বিমানের যাত্রার তারিখ নির্ধারণ করতে হবে।
আবেদনকারীকে নিজে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। কোনো প্রতিনিধি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করার সুযোগ নেই। সঙ্গে রাখতে হবে পাসপোর্ট বা ট্রাভেল পারমিট, পাসপোর্টের বায়োডাটা পৃষ্ঠার কপি, ইমিগ্রেশন পাসের কপি এবং নিশ্চিত বিমান টিকিট।
তরিকুল ইসলাম সতর্ক করে বলেন, পিআরএম২.০-এর আবেদন করতে দালাল বা তৃতীয় পক্ষকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। কেউ বিশেষ সুবিধার কথা বলে টাকা চাইলে সতর্ক থাকতে হবে।
হাইকমিশন জানিয়েছে, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে সংশ্লিষ্ট ইমিগ্রেশন অফিস ও বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে দ্রুত দেশে ফেরার উদ্যোগ নিতে হবে।



