অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশনে বড় পরিবর্তন
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম
নবম জাতীয় পে-স্কেলে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশনে বড় পরিবর্তন এনেছে সরকার। দীর্ঘদিন আগে অবসর নেওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের স্বস্তি দিতে নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সবার পেনশন সমান হারে বাড়ছে না—কম পেনশনধারীদের ক্ষেত্রে বৃদ্ধির হার বেশি, আর বেশি পেনশনধারীদের ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনামূলক কম।
মন্ত্রিসভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ স্তরে পেনশন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে—
৯ হাজার টাকা বা কম: ১০০ শতাংশ বৃদ্ধি
৯,০০১ থেকে ২০ হাজার টাকা: ৭৫ শতাংশ বৃদ্ধি
২০,০০১ থেকে ৩০ হাজার টাকা: ৬৫ শতাংশ বৃদ্ধি
৩০,০০১ থেকে ৪০ হাজার টাকা: ৬০ শতাংশ বৃদ্ধি
৪০,০০১ টাকা বা বেশি: ৫৫ শতাংশ বৃদ্ধি
উদাহরণস্বরূপ, বর্তমানে ৯ হাজার টাকা পেনশন পাওয়া একজন অবসরপ্রাপ্ত কর্মচারী এখন পাবেন ১৮ হাজার টাকা। ২০ হাজার টাকা পেনশনধারীর ক্ষেত্রে তা হবে ৩৫ হাজার টাকা।
অন্যদিকে নির্বাচনি প্রতিশ্রুতির বহুল আলোচিত ‘এক পদ এক পেনশন’ বা ‘এক গ্রেড এক পেনশন’ (ওআরওপি) এবারই পুরোপুরি চালু হচ্ছে না। বিপুল আর্থিক সংশ্লেষ এবং ২০১৯ সালের আগে অবসর নেওয়া বেসামরিক কর্মচারীদের তথ্য ঘাটতির কারণে এটি ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।



