Logo
Logo
×

জাতীয়

ভারতে হাসিনাকে আশ্রয়ের বিষয়টি এড়ানোর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম

ভারতে হাসিনাকে আশ্রয়ের বিষয়টি এড়ানোর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আগ্রহ বাংলাদেশের রয়েছে। তবে ১৫ বছরে অসংখ্য গুম-খুন ও বৈষম্যবিরোধী আন্দোলনে প্রায় দেড় সহস্রাধিক মানুষ হত্যায় অভিযুক্ত ‘পলাতক সন্ত্রাসী’ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

শুক্রবার সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে যেমন কোনো ভারতীয় সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হবে না, তেমনি ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে কোনো অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, জাতীয় স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে এবং বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সমতার নীতি বজায় রেখে বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে।

হুমায়ুন কবির বলেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত বৈধ সরকার হিসাবে বর্তমান প্রশাসনের বৈদেশিক নীতির ভিত্তি অত্যন্ত মজবুত। ইতোমধ্যেই চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘সার্বিক কৌশলগত অংশীদারত্বে’ পৌঁছেছে এবং মধ্যপ্রাচ্যসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তরোত্তর জোরদার হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে তার নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের আশাবাদ প্রকাশ করে শিগ্গিরই সাক্ষাতের আগ্রহ ব্যক্ত করেছেন। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেটে এসে হুমায়ুন কবির হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে জুমার নামাজ আদায় ও জিয়ারত করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ-সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।

এদিকে, জুমার নামাজ শেষে দরগাহ শরিফে প্রতিমন্ত্রীর বক্তব্য নিতে গিয়ে স্থানীয় সাংবাদিকরা অনাকাক্সিক্ষত হেনস্তার শিকার হন। এর প্রতিবাদে তারা সাময়িকভাবে সংবাদ সংগ্রহ থেকে বিরত থাকেন। পরবর্তীতে উদ্ভ‚ত পরিস্থিতি নিরসন ও অপ্রীতিকর ঘটনার সুরাহায় বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক জরুরি বৈঠকে মিলিত হন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন