শাহজালাল বিমানবন্দরে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি বিমানে বিশেষ তল্লাশি চালিয়ে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস হাউস, ঢাকা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটে ফ্লাই দুবাইয়ের এফজেট৫২৩ ফ্লাইট অবতরণের পর চোরাচালানের তথ্যের ভিত্তিতে বিমানটিতে অভিযান চালানো হয়।
তল্লাশির সময় বিমানটি যাত্রীশূন্য অবস্থায় পাওয়া যায়। পরে রাত ৯টা ৪০ মিনিটে ১৯এ নম্বর আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় বস্তু পাওয়া যায়। ইনভেন্টরি শেষে দেখা যায়, সেখানে লুকানো ছিল ৮০টি স্বর্ণের বার। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ৯ হাজার ৩৩১ গ্রাম, আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।
কাস্টমস কর্মকর্তারা জানান, স্বর্ণের বারগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার হয়েছে। সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে দেশে আনার উদ্দেশ্যে বিমানের আসনের নিচে কৌশলে লুকানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত স্বর্ণ তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে জমা করা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। কাস্টমস হাউস জানিয়েছে, দেশীয় অর্থনীতি রক্ষা ও স্বর্ণসহ বিভিন্ন পণ্যের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



