উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে পর্যটনমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম
ঢাকার সার্কিট হাউজ রোডে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটে পতাকাবাহী গাড়িটি সচিবালয়ের দিকে উল্টোপথে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ সেটি থামিয়ে দেয়।
গাড়ির নম্বর ঢাকা মেট্রো–ঘ-১৮-২১২৫। চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে দুটি মামলা দায়ের করা হয় এবং মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। গাড়িটি ছিল ‘রেঞ্জ রোভার’।
ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা হলো। অতীতে মন্ত্রীর গাড়ি দ্রুত গন্তব্যে পৌঁছাতে বা যানজট এড়াতে উল্টোপথে চলার ঘটনা সংবাদমাধ্যমে এলেও মামলা হয়নি।
ঘটনার সময় প্রধানমন্ত্রীর গাড়িবহর পাশের সড়ক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এদিন সচিবালয়ে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে চললেও মন্ত্রী বা সচিবের গাড়ি উল্টোপথে চলা দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হয়ে থাকবে।



