তনু হত্যা মামলায় দুই পলাতক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অভিযুক্ত পলাতক দুই সেনাসদস্যের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। মঙ্গলবার তাদের বিরুদ্ধে পৃথক রেড নোটিশ জারি করা হয় বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।
অভিযুক্তরা হলেন সাবেক সার্জেন্ট মো. জাহিদুজ্জামান ও সাবেক সৈনিক মো. শাহীন আলম। তদন্তে পাওয়া তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাদেরকে মামলার গুরুত্বপূর্ণ অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনার সময় তারা কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন।
পিবিআই সূত্র জানায়, পলাতক দুই অভিযুক্তকে আন্তর্জাতিকভাবে শনাক্ত ও গ্রেফতারের জন্য বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ঢাকার মাধ্যমে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। যাচাই-বাছাই শেষে ইন্টারপোল রেড নোটিশ জারি করে। এর ফলে সদস্যদেশগুলোর আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের অবস্থান শনাক্ত ও গ্রেফতারে সহযোগিতা করতে পারবে।
এর আগে গত ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ থেকে অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে কুমিল্লা কারাগারে রয়েছেন।
২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসের কাছে ঝোপের মধ্যে তার লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। পরদিন তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।



