৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা আসছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম
সরকার ৪২ বছরের পুরোনো বিধিমালা সংশোধন করে নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা ২০২৬ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। নতুন বিধিমালায় ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন, উড়োজাহাজের নিরাপত্তা এবং বিমান চলাচলের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে খসড়া চূড়ান্তকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ৪২ বছর পর সংশোধিত বিধিমালা প্রণয়ন হচ্ছে। বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে নতুন বিধিমালা অবশ্যই ব্যবসা ও বিনিয়োগবান্ধব হতে হবে। একই সঙ্গে যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধান যুক্ত করা হবে।
মন্ত্রী জানান, বেসরকারি এয়ারলাইন্সগুলোর সুবিধা বিবেচনায় বিমান রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত বিধানে সংশোধন আনা হবে। জটিল যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ ও মেরামতের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনে পদক্ষেপ নেওয়া হবে। দেশি-বিদেশি এয়ারলাইন্সের সুবিধার্থে আন্তর্জাতিক মানের মেন্টেনেন্স ও রিপেয়ার ইউনিট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, কেপটাউন কনভেনশনের শর্ত অনুসরণ করে বিমান-সম্পর্কিত সম্পদের আন্তর্জাতিক অর্থায়ন ও লিজিংয়ের অধিকার সুরক্ষার জন্য নতুন বিধি যুক্ত করা হবে। পাশাপাশি বেসরকারি উদ্যোগে বিমানবন্দর স্থাপন ও সম্প্রসারণের প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নেওয়া হবে।
সভায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের এমডি মো. আবদুল্লাহ আল মামুন বেসরকারি এয়ারলাইন্সের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এছাড়া বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি কাইজার সোহেল আহমেদ, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।



