প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি এ প্রত্যাশার কথা জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন যে নানা প্রতিকূলতার মধ্যেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেছেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি আশ্বস্ত করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথা তিনি সবসময় মনে রাখবেন।



