বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৩ পিএম
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ। সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এসময় আইপিইউ মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো-এ অ্যাংগোরো। বৈঠকে জাতীয় সংসদকে আরও কার্যকর করে তোলা এবং গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করার বিষয়ে মতবিনিময় হয়। বিরোধীদলীয় নেতা সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বিরোধী দলের ভূমিকা এবং সরকারি-বিরোধী দলের সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনায় জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে নিয়মিত সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তা, সংসদীয় কমিটির কার্যকারিতা বৃদ্ধি এবং তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। আইপিইউ মহাসচিব বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার সঙ্গে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিব মোমেন, উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান ও আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে আহত চার যোদ্ধা জসীমউদ্দিন খান, কামরুল হাসান, রিফাত হাওলাদার ও জাকির শিকদার বিশেষ অতিথি হিসেবে বৈঠকে যোগ দেন।



