সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় যাবে ২ লাখ শ্রমিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০১:১৯ পিএম
আগামী সেপ্টেম্বর থেকে ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে দুই লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া। এর মধ্যে ১০ হাজার শ্রমিককে বিনামূল্যে নেওয়া হবে। রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে দুই লাখ শ্রমিক নেওয়া হবে। এর বাইরে আরও ১০ হাজার শ্রমিককে ‘জিরো কস্ট’ বা বিনা খরচে নেওয়া হবে। প্রক্রিয়াটি সেপ্টেম্বরের শেষ থেকে শুরু হয়ে আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন হবে।
তিনি জানান, বর্তমানে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রায় ৮ লাখ নিবন্ধিত শ্রমিক রয়েছেন। এছাড়া কিছু অনিবন্ধিত শ্রমিকও আছেন, যাদের নিবন্ধনের বিষয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ায় প্রায় ১০ হাজার বাংলাদেশি ছাত্র পড়াশোনা করছে। অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে প্রায় এক হাজার মালয়েশিয়ান ছাত্র অধ্যয়ন করছে।
বৈঠকে মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশে বিভিন্ন খাতে ২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথাও জানানো হয়। তবে এলএনজি আমদানির বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন।



