২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৬:১১ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে। হিসাবটি বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ শিশু এবং উপসর্গে আক্রান্ত হয়ে ৮৬১ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৯৬ জনে। একই সময়ে আরও ১ হাজার ১০০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।



