বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ আজ, নিরাপত্তা জোরদার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৬:০৯ পিএম
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তিনি শপথ নেবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, দরবার হলসহ বঙ্গভবনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুপুর থেকেই বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, শপথ অনুষ্ঠানে প্রায় ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন।
সরেজমিনে দেখা গেছে, বঙ্গভবনের প্রবেশপথসহ আশপাশের কয়েকটি পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে। অতিথিদের নির্বিঘ্ন প্রবেশ ও চলাচল নিশ্চিত করতে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।
বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলকে নতুন সাজে সাজানো হয়েছে। এখানেই অতীতে বহু রাষ্ট্রপতির শপথসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। আর ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট। নির্বাচন কমিশন তাকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।



