Logo
Logo
×

জাতীয়

সারা দেশে শুরু হচ্ছে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৫:৫০ পিএম

সারা দেশে শুরু হচ্ছে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

সারা দেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬ শুরু হচ্ছে। প্রথম ডোজ দেওয়া হবে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। এ কর্মসূচির আওতায় এক বছর বা তার বেশি বয়সী (গর্ভবতী নারী ছাড়া) প্রায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে বিনামূল্যে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকা খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটরিয়ামে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। তিনি বলেন, “আগে কলেরায় গ্রাম উজাড় হয়ে যেত, বর্তমানে নিয়ন্ত্রণে এলেও সাম্প্রতিক প্রাদুর্ভাবের কারণে সতর্ক থাকতে হবে। জাতীয় টিকাদান কর্মসূচির মতো এ ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।”

ডেঙ্গু প্রসঙ্গে মন্ত্রী জানান, মশক নিধন কার্যক্রমের কারণে এবার ঢাকায় মশার আক্রমণ কমেছে। তবে জমে থাকা পানি অপসারণে স্থানীয় পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর থানার ১৭টি ওয়ার্ডে প্রায় ১১ লাখ ৭০ হাজার মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও থানা এবং মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার নির্দিষ্ট এলাকাতেও এ কর্মসূচি পরিচালিত হবে।

ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, পুরান ঢাকাসহ ঘনবসতিপূর্ণ এলাকায় সফলভাবে ইপিআই কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতায় এবারও কলেরা টিকাদান ক্যাম্পেইন সফল হবে। তিনি আরও বলেন, টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন, স্বাস্থ্যবিধি অনুসরণ ও কার্যকর নজরদারির মাধ্যমে দীর্ঘমেয়াদে কলেরা নিয়ন্ত্রণ সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেনটেটিভ পিটার জর্জ এল মাইস, ডব্লিউএইচও প্রতিনিধি ডা. আহমেদ জামশীদ মোহামেদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান, আইসিডিডিআর,বির সিনিয়র সায়েন্টিস্ট ড. ফিরদৌসী কাদরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন