প্রশাসনের শীর্ষ পদে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে চুক্তিতে কর্মরত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে আরও এক বছর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন,২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী ড. নাসিমুল গনিকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি , বেসরকারি প্রতিষ্ঠান/ সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৮ আগস্ট থেকে এক বছর মেয়াদে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব পদে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের এক দিন আগে গত ১৬ ফেব্রুয়ারি তিনি মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব নেন।
এর আগে ২০২৪ সালের ১৭ আগস্ট অন্তর্বর্তী সরকার তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সিনিয়র সচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। পরদিন ১৮ আগস্ট তিনি সেখানে যোগ দেন। পরে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব নেন তিনি।
অন্যদিকে আলাদা প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পূর্বের চুক্তি অনুযায়ীই পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
তিনি জনপ্রশাসনে দায়িত্ব নেওয়ার আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা।



