বাংলাদেশে আল-কায়েদা তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:০৫ পিএম
বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার বিষয়টি আমলে নিচ্ছে না। তিনি বলেছেন, এ ধরনের প্রতিবেদন অনুমাননির্ভর এবং যাচাই ছাড়া পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জাতিসংঘের প্রতিবেদনে কিছু অবজারভেশন থাকতে পারে। তবে আমি প্রতিবেদনটি পড়িনি। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিষয়টি অনুমাননির্ভর। নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অনুমানের ওপর নির্ভর করে কোনো পদক্ষেপ নেওয়া যায় না।”
তিনি আরও বলেন, কোনো প্রতিবেদন বা পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি যাচাই করা জরুরি। সরকার এ ধরনের তথ্য যাচাই ছাড়া আমলে নিচ্ছে না।
সভায় ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন ও সুপারিশ নিয়ে আলোচনা হয়।



