সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু। সোমবার (১৭ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো প্রাণহানি ঘটেনি। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ৯১৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গে ৮১৬ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৯ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৮১। একই সময়ে ৯২৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯৭৪ শিশু চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে। এর মধ্যে ১৭ হাজার ৯৩০ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে।



