ব্যাটারিচালিত রিকশার কারণে বিদ্যুৎ চাহিদায় অস্বাভাবিক চাপ: জ্বালানি মন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৪:১৪ পিএম
ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার অতিরিক্ত ব্যবহারের কারণে দেশের বিদ্যুৎ ব্যবহারের ধরনে বড় পরিবর্তন এসেছে। রাত ১২টার পরও বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছাচ্ছে, যা অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, এসব যানবাহন মূলত অবৈধ সংযোগে চার্জ হচ্ছে, ফলে গ্রিডে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আগে সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত সময়কে পিক আওয়ার ধরা হতো। এখন মধ্যরাতেও রেকর্ড পরিমাণ বিদ্যুৎ চাহিদা থাকছে, যার মূল কারণ ব্যাটারিচালিত যানবাহন।
তিনি অভিযোগ করেন, রাতের বেলায় এসব যানবাহন চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত সংযোগগুলোর অধিকাংশই অবৈধ। বিদ্যুৎ বিভাগ এসব সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে কর্মকর্তারা বাধার মুখে পড়ছেন এবং কখনো কখনো আক্রমণের শিকার হচ্ছেন।
বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার জরুরি পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিল্প খাত ও বিদ্যুতের চাহিদা মেটাতে নতুন এফএসআরইউ স্থাপন এবং অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান বাড়ানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অতীতের সরকারগুলো দীর্ঘমেয়াদি সমাধান না নিয়ে তাৎক্ষণিক সমাধানের পথে গেছে, ফলে আজকের সংকট তৈরি হয়েছে।
সিপিডির আলোচনায় জানানো হয়, দেশে দৈনিক গ্যাসের ঘাটতি দাঁড়িয়েছে ১২০০ থেকে ১৪০০ মিলিয়ন ঘনফুট। গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন কমে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে পর্যাপ্ত এলএনজি আমদানি সম্ভব হচ্ছে না। ফলে বহু বিদ্যুৎকেন্দ্র আংশিক বা পুরোপুরি বন্ধ রাখতে হচ্ছে।
সভায় সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী ফখরুদ্দিন আল কবীর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন, বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি ডেভিড হাসনাতসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা।



