বিদ্যুৎ পরিস্থিতির সন্ধ্যা থেকে কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৪:৫১ পিএম
বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, গ্যাস পর্যাপ্ত সরবরাহ না হলে পাওয়ার প্ল্যান্টে সংকট দেখা দেয়। এ পরিস্থিতি মোকাবিলায় একটি কৌশল নেওয়া হয়েছে, যা মঙ্গলবার সন্ধ্যা থেকে কার্যকর করা হয়েছে। আশা করা হচ্ছে, বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।
বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় সামিট টার্মিনালে কার্গো খালাস সম্ভব হচ্ছে না। এক্সিলারেট টার্মিনাল আংশিক সক্ষমতায় চলছে। এটিকে পূর্ণ সক্ষমতায় চালাতে হলে প্রায় ৭২ ঘণ্টার জন্য বন্ধ রাখতে হবে, যা একটি বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে এক্সিলারেট এনার্জির সঙ্গে আলোচনা চলছে।
তিনি বলেন, মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। প্রাকৃতিক দুর্যোগের কারণে গ্যাস খালাসে বিলম্ব হচ্ছে। প্রকৃতি স্বাভাবিক হলে গ্যাস সরবরাহও স্বাভাবিক হবে।
প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চলছে এবং তাদের কাছ থেকে অন্তত একটি এলএনজি কার্গো পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এটি মধ্যমেয়াদি সমাধান হিসেবে কাজ করবে। পাশাপাশি ইউএস বাংলাদেশ চেম্বারের কাছ থেকেও সহায়তা চাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সার্বিকভাবে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে জনদুর্ভোগ কমাতে সরকার প্রাণান্তকর চেষ্টা করছে। অতীতের সরকারগুলো দীর্ঘমেয়াদি সমাধান নেয়নি, বরং তাৎক্ষণিক সমাধানের পথে গেছে। ফলে হঠাৎ করেই সংকট দেখা দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে গ্রীষ্মকালে এ পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।



