সম্পর্ক উন্নয়নে চারদিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:৪৪ এএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৯ থেকে ১২ আগস্ট সিঙ্গাপুরে সরকারি সফর করবেন। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এটি তার মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সরকারি সিঙ্গাপুর সফর।
সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। তারা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ বিষয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অংশ নেবেন।
নতুন সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুরে এটি প্রথম উচ্চপর্যায়ের সফর। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন গতি লাভ করবে বলে আশা করা হচ্ছে।
বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, বন্দর ও লজিস্টিকস সহযোগিতা, প্রযুক্তি, জনশক্তি এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।



