Logo
Logo
×

জাতীয়

শেখ হাসিনার বক্তব্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৫:২৬ পিএম

শেখ হাসিনার বক্তব্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “কিসের হাসিনা! তার চেহারা কী দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়।” তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ও তার দল দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তবে বাংলাদেশের মানুষ কখনোই এ ধরনের রাজনীতি গ্রহণ করবে না।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতি দেশের মানুষ আর গ্রহণ করবে না। তারা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে, কিন্তু জনগণ এখন উন্নয়ন, স্থিতিশীলতা ও নিরাপত্তা চায়।

এর আগে সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ‘ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি অংশ নেন। সেখানে তিনি কক্সবাজারের পর্যটন সম্ভাবনা, সমুদ্রসম্পদ, নীল অর্থনীতি, পরিবেশ সংরক্ষণ এবং উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণা নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের সমুদ্রসম্পদ ও বন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে বিপুল রাজস্ব আয় সম্ভব।

সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, ‘ব্লু ইকোনমি’ বা নীল অর্থনীতির বিশাল সম্ভাবনা রয়েছে। মৎস্যসম্পদ, সামুদ্রিক গবেষণা, জ্বালানি, পর্যটনসহ বিভিন্ন খাতকে সমুদ্র অর্থনীতির সঙ্গে যুক্ত করতে হবে। কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি জানান, কক্সবাজারে একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার। এর মাধ্যমে সামুদ্রিক শিক্ষা ও গবেষণা সম্প্রসারণের পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি হবে, যা দেশের সামুদ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

পরে তিনি কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এতে স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন ভবন নির্মাণের মাধ্যমে স্থানীয় বাসিন্দা, পর্যটক ও সীমান্তবর্তী এলাকার মানুষের চিকিৎসাসেবা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন