আমিও চাই, শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৫:২৫ পিএম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন বলে জানিয়েছেন। তিনি দেশে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাওয়া উচিত এবং আইনি পথেই তার বিচার হওয়া উচিত। শুক্রবার (৭ আগস্ট) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামীর শৈলকুপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা খুন, গুম ও গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন—এ সত্য অস্বীকার করা যায় না। তিনি যদি এসব অপরাধের মুখোমুখি হতে চান, তবে দেশে ফিরে আসা উচিত। ভিডিও কনফারেন্সে অংশ না নিয়ে অডিও বার্তা পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই সেটিকে এআই জেনারেটেড বলে মনে করছেন। তার মতে, শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং জুলাই বিপ্লবে ১৪০০ মানুষ হত্যার দায়ে অভিযুক্ত।
বিচার বিভাগের প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তিনি এমন একটি বিচার বিভাগ চান যেখানে গরিব ও অসহায় মানুষ সৃষ্টিকর্তার পর সবচেয়ে বেশি আস্থা রাখতে পারবেন। দুর্নীতি, দালালচক্র ও কাঠামোগত দুর্বলতার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই সবচেয়ে বড় সংকট বলে তিনি উল্লেখ করেন। বিচারকদের দায়িত্ব হলো ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, আর সেই দায়িত্ব পালনে তাদের নিরপেক্ষ ও স্বচ্ছ হতে হবে।
সভায় জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



