দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে আরও ২ শিশুর প্রাণহানি ঘটেছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৬৪ জন মারা গেছেন হামের উপসর্গে এবং ৯৬ জন সরাসরি হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৭৩৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ১৬ হাজার ৭৪০ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ১১ হাজার ৮৫৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।



