শেখ হাসিনাকে নিয়ে ভারতকে স্পষ্ট বার্তা বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:০১ পিএম
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাতে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। আজ সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য বা বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালাতে না পারেন বলে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের মতে, এ ধরনের কার্যক্রম দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে এ বিষয়টি তুলে ধরা হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার সম্ভাব্য ৫ আগস্টের বক্তব্যের বিষয়টিও আলোচনায় আসে। এ প্রসঙ্গে হুমায়ুন কবির ভারতীয় হাইকমিশনারকে জানান, শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সহযোগিতা কামনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভারতের হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি উভয় পক্ষ নিয়মিত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে এবং পারস্পরিক আস্থা ও আলোচনার মাধ্যমেই দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান সম্ভব বলে মত প্রকাশ করেন।



