Logo
Logo
×

জাতীয়

রাজধানীতে এমপি ও ডিএনসিসি প্রশাসকের ওপর হামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৫:৪২ পিএম

রাজধানীতে এমপি ও ডিএনসিসি প্রশাসকের ওপর হামলা

রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে উপস্থিত হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় এমপি জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। নেপচুন এক্সেসরিজ নামে একটি গার্মেন্টস কোম্পানির ‘ভাড়াটে সন্ত্রাসীরা’ অতর্কিত এই হামলা করেছে বলে জানিয়েছে ডিএনসিসি।

রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক জরুরি বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানান। উত্তর সিটির অঞ্চল-৮ এর অধীন ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ডিএনসিসি জানিয়েছে, হামলায় চারজন গুরুতর আহতসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরায় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের মধ্যে থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।

ডিএনসিসির জরুরি বার্তায় বলা হয়, উত্তরখান রাজাবাড়ি এসটিএস এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নকর্মীদের ওপর স্থানীয় কিছু সন্ত্রাসী অতর্কিত আক্রমণ করে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন এবং পুলিশের সংশ্লিষ্ট বিভাগের উপকমিশনার। কিন্তু সেখানে হামলাকারীরা প্রশাসক ও সংসদ সদস্যের ওপরও চড়াও হয় এবং হামলা চালায়।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ বলেন, দুই-একটা ইট-পাটকেল মারার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কয়েকজনকে হামলাকারীকে আটক করা হয়েছে জানিয়েছে আহমেদ বেগ বলেন, এই ঘটনায় সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আটকদের গ্রেপ্তার দেখানো হবে।

এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এদিকে, আহত পরিচ্ছন্নকর্মীদের দেখতে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রশাসক ও এমপি দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় প্রশাসক জানান, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন