Logo
Logo
×

জাতীয়

ডেপুটি স্পিকারের স্বাক্ষর ও সরকারি প্যাড জাল করে ভুয়া ডিও পত্র, আইনি ব্যবস্থার নির্দেশ

Icon

যুগেরচিন্তা ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম

ডেপুটি স্পিকারের স্বাক্ষর ও সরকারি প্যাড জাল করে ভুয়া ডিও পত্র, আইনি ব্যবস্থার নির্দেশ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে একটি ভুয়া ডেমি-অফিসিয়াল (ডিও) পত্র তৈরি করে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে জমা দিয়ে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

সোমবার (২৭ জুলাই) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচিত ডিও পত্রটি জাতীয় সংসদ থেকে ইস্যু করা হয়নি এবং এর সঙ্গে সংসদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের নাম, সরকারি লোগো, দাপ্তরিক প্যাড, স্বাক্ষর বা অন্যান্য সরকারি পরিচয় জালিয়াতির মাধ্যমে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা গুরুতর ও আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি প্রতিরোধে সতর্কতা জারি করেছে সংসদ সচিবালয়। জাতীয় সংসদের নামে কোনো ডিও বা সরকারি পত্র পাওয়া গেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থাগুলোকে সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত শাখার সঙ্গে যোগাযোগ করে পত্রটির সত্যতা যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

সংসদ সচিবালয় সর্বসাধারণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকে এ ধরনের জাল নথির বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বলেছে, সন্দেহজনক কোনো সরকারি পত্র হাতে এলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন