রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করবে ইসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০৯ এএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগে শূন্য হওয়া পদে দ্রুত নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
ইসি কমিশনার আরও জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতোই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একাধিক প্রার্থী থাকলে ভোট অনুষ্ঠিত হবে, আর একক প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে বিজয়ী ঘোষণা করা হবে। আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ইসির কার্যক্রম বন্ধ থাকবে, তবে রোববার বা তার পরেই তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। সেই অনুযায়ী ভোটার তালিকা তৈরি করবে ইসি এবং এরপর আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে।
এর আগে শুক্রবার বিকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জরুরি প্রেস ব্রিফিংয়ে জানান, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। তিনি বলেন, শারীরিক ও মানসিকভাবে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালনে অক্ষম হওয়ায় সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার নিজেই রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।



