রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৩:৪৬ পিএম
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে। এদিকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের দুদিন আগেই শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দেশে ফিরেছেন। তার আগাম দেশে ফেরা রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনাকে আরও জোরদার করেছে। কারণ, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেন স্পিকারের কাছে।
বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি এক সপ্তাহ বিদেশে ছিলেন, তাই এ বিষয়ে কিছু জানেন না। তিনি জানান, ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষা শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন এবং এখন বিষয়গুলো সম্পর্কে অবগত হবেন।
বঙ্গভবনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইতোমধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং পদত্যাগপত্র লেখা হয়েছে। তবে স্পিকার দেশে না থাকায় জমা দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।
রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।
উল্লেখ্য, মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা। তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করানো একমাত্র রাষ্ট্রপতি।



