অননুমোদিত শব্দযন্ত্র ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৯:২৫ পিএম
মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার এবং অন্যান্য অননুমোদিত শব্দযন্ত্র ব্যবহার বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন লঙ্ঘন করে এসব হর্ন ব্যবহার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি-৮১ অনুযায়ী অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন কিংবা রাষ্ট্রীয় জরুরি দায়িত্বে নিয়োজিত মোটরযান ছাড়া অন্য কোনো যানবাহনে বহুমুখী সুরের হর্ন, তীব্র বা বিকট শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
হাইড্রোলিক হর্ন ও অতিরিক্ত শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। অতিরিক্ত শব্দ মানুষের শ্রবণশক্তি হ্রাস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং শিশুদের মানসিক বিকাশে ব্যাঘাত ঘটায়। রাজধানী ঢাকায় শব্দের গড় মাত্রা ১১৯ থেকে ১২৫ ডেসিবেল পর্যন্ত পৌঁছায়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ সীমা (৫৫ ডেসিবেল) থেকে দ্বিগুণেরও বেশি। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির প্রতিবেদনে ঢাকা বিশ্বের সবচেয়ে শব্দদূষিত শহর হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিআরটিএ জানিয়েছে, সম্প্রতি কিছু মোটরযানে হাইড্রোলিক হর্ন ও হুটার সংযোজন করে ব্যবহার করা হচ্ছে, যা জনদুর্ভোগ ও গণউপদ্রব সৃষ্টি করছে। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে রোববার (১৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ মহানগরের নির্ধারিত নীরব এলাকায় সাইনবোর্ড স্থাপন ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে ট্রাফিক কর্মকর্তাদের নির্দেশ দেন। এরপরই বিআরটিএর বিজ্ঞপ্তি জারি করা হয়।



