ভিসা প্রতারণায় জাস্ট থট এডুকেশনের চার কর্মকর্তা রিমান্ডে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম
বিদেশে উচ্চশিক্ষা, স্কুলিং ভিসা ও ওয়ার্ক পারমিটের নামে শত শত শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর ভিসা কনসালট্যান্ট প্রতিষ্ঠান জাস্ট থট এডুকেশনের চার কর্মকর্তাকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ফেনীর নূর নাদিয়া, নারায়ণগঞ্জের তাহমিনা আক্তার ও সুনামগঞ্জের আরিফুল ইসলামসহ অসংখ্য ভুক্তভোগী জানিয়েছেন, কানাডা ও মাল্টার ভিসার নামে ভুয়া অফার লেটার দেখিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হয়। পরে যাচাই করে দেখা যায়, এসব অফার লেটার ভুয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার হারুন অর রশিদ ওরফে মতিউর রহমান পরিকল্পিতভাবে আকর্ষণীয় বিজ্ঞাপন ও প্রলোভন দেখিয়ে টাকা আদায় করতেন।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, অন্তত ৬ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক এই প্রতারণার শিকার হয়েছেন। প্রতিষ্ঠানটি কানাডা, যুক্তরাষ্ট্র, মাল্টা, স্পেন, ফ্রান্স, জার্মানি ও ফিনল্যান্ডের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ফ্যামিলি ভিসা ও ওয়ার্ক পারমিটের নামে কোটি টাকা হাতিয়ে নেয়। গত ৩ জুলাই তারা রাজধানীর বাড্ডা, গুলশান ও বনানীর অফিস বন্ধ করে পালিয়ে যায়।
৯১ শিক্ষার্থীর ৮ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শরীয়তপুরের আল আমিন মামলা করার পর মতিউর রহমানসহ চারজনকে আটক করে পুলিশ। বুধবার তাদের আদালতে তোলা হলে ভুক্তভোগীরা হামলার চেষ্টা করেন। পরে আদালত রাবেয়া খাতুন তানিয়া, সাইদুর রহমান ও মো. তানজির ইসলামসহ চার আসামির রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তারা জানান, আসামিদের কাছ থেকে প্রতারণার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আদালতে উপস্থিত শতাধিক ভুক্তভোগী শিক্ষার্থী আসামিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।



