ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:১৪ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এ নিয়ে সিরিয়াসভাবে চিন্তা করতে হবে এবং সবাই মিলে চেষ্টা করলে পরিবেশের বর্তমান অবস্থার পরিবর্তন সম্ভব।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়াই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, সভ্য দেশ হয়েও যত্রতত্র কলকারখানা গড়ে তোলা কাম্য নয়। দেশের বেশিরভাগ মানুষ পরিবেশ সম্পর্কে অজ্ঞ, তাই সচেতনতা বাড়াতে হবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, কোন পরিবেশে কী ধরনের গাছ লাগানো উচিত সে বিষয়ে সচেতন হতে হবে। ইউক্যালিপটাসের মতো ক্ষতিকর গাছ এড়িয়ে দেশীয় ও ঔষধি গাছ রোপণে মনোযোগী হতে হবে। আইন দিয়ে সবকিছু সম্ভব নয়, সচেতনতার মাধ্যমেই পরিবর্তন আনতে হবে।
অনুষ্ঠানে সাতটি ক্যাটাগরিতে মোট ২১ জনকে জাতীয় পরিবেশ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, বিশ্বের প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত তালিকায় ২০২৫ এবং ২০২৬ সালে ঢাকার অবস্থান বসবাসের অযোগ্য শহরের মধ্যে তৃতীয়।



