প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:৩০ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ৪৬ হাজার পরীক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে রিটকারী ১৫১ জনকে আগামী ৬০ দিনের মধ্যে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করে। আদালত জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে অনুষ্ঠিত ২০২৩ সালের নিয়োগ পরীক্ষার ফলাফল কোটার ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে পুনঃপ্রকাশ করতে হবে।
রায়ে তিনটি নির্দেশনা দেওয়া হয়েছে—
১৫১ জন রিটকারী নিয়োগ: তাদেরকে আগামী ৬০ দিনের মধ্যে সহকারী শিক্ষক পদে নিয়োগ দিতে হবে।
৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশ: বিদ্যমান কোটা বাতিল করে মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করতে হবে।
৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বহাল: ইতোমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের নিয়োগ বহাল থাকবে।
রিটকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, ২০২৩ সালের নিয়োগে ৮৪ শতাংশ কোটা অনুসারে ফল প্রকাশ হয়েছিল। কিন্তু জুলাই বিপ্লবের পর সুপ্রিম কোর্টের রায়ে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগের নির্দেশনা আসে। সেই রায়ের আলোকে হাইকোর্ট নিয়োগকে অবৈধ ঘোষণা করে রিটকারীদের নিয়োগের নির্দেশ দিয়েছিল। সরকার আপিল করলে আপিল বিভাগ আজ চূড়ান্ত রায় দেয়।



