শাহজালাল বিমানবন্দরে আবারও সক্রিয় ‘বডি কন্ট্রাক্ট’ সিন্ডিকেট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও সক্রিয় হয়ে উঠেছে কথিত ‘বডি কন্ট্রাক্ট’ সিন্ডিকেট। মালয়েশিয়াগামী একটি বড় চক্রের ৭৬ জন যাত্রীকে গোয়েন্দারা শনাক্ত করলেও শেষ পর্যন্ত বোর্ডিং গেটে পাঁচজন আটক হন। বিষয়টি জানাজানি হতেই আরও ৭১ জন যাত্রী বিমানবন্দর থেকে পালিয়ে যান।
শনিবার (৪ জুলাই) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-মালয়েশিয়া রুটের বিজি-৩৮৬ ফ্লাইটকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ জানিয়েছেন, গোয়েন্দা সংস্থাগুলো ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও পুরো নেটওয়ার্ক উদঘাটনে কাজ করছে।
সূত্র জানায়, যাত্রীরা সবাই ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যাচ্ছিলেন। তবে একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে সেখানে গিয়ে অবৈধভাবে থেকে যাওয়ার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে। গোয়েন্দারা বিষয়টিকে মানবপাচারের সম্ভাব্য কৌশল হিসেবে দেখছেন।
প্রশ্ন উঠেছে, ভিসায় অসঙ্গতি থাকা সত্ত্বেও কীভাবে এসব যাত্রী চেক-ইন ও ইমিগ্রেশনের একাধিক স্তর পার হয়ে বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছালেন। অভিযোগ রয়েছে, চেক-ইন কাউন্টারে যথাযথ যাচাই ছাড়াই তাদের ভিসা গ্রহণ করা হয় এবং ইমিগ্রেশন থেকেও বিদেশযাত্রার অনুমতি দেওয়া হয়। তবে বোর্ডিং গেটে পুনরায় যাচাইয়ের সময় পাঁচজনের ভিসা জাল বলে ধরা পড়ে।
গোয়েন্দা সূত্র জানিয়েছে, ‘বডি কন্ট্রাক্ট’ নামে পরিচিত একটি সংঘবদ্ধ চক্র অর্থের বিনিময়ে জাল বা ত্রুটিপূর্ণ কাগজপত্র ব্যবহারকারীদের বিদেশ পাঠানোর চেষ্টা করে। এ কাজে বিমানবন্দরের কিছু অসাধু কর্মকর্তা ও বাইরের দালালদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
সম্প্রতি তদন্তে বিমানবন্দরে কর্মরত কয়েকজনের বিরুদ্ধে মানবপাচারে জড়িত থাকার প্রমাণও মিলেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে সর্বশেষ ঘটনাকে কেন্দ্র করে ধারণা করা হচ্ছে, চক্রটি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে।



