তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের দৃঢ় অবস্থান: তথ্য উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৪:০২ পিএম
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জনগণের স্বার্থ অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। এ প্রকল্পে অন্য কোনো দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই।
মঙ্গলবার (৩০ জুন) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা জানান, তিস্তা পাড়ের মানুষের সংকট অত্যন্ত মানবিক। বর্ষায় নদীভাঙন এবং শুষ্ক মৌসুমে পানির অভাব উত্তরাঞ্চলের মানুষকে চরম সংকটে ফেলে। তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ নদী শাসন, ড্রেজিং এবং পানি সংরক্ষণ। এ কাজে চীনের দক্ষতা ও প্রয়োজনীয় অর্থায়ন রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।
ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সার্বভৌম দেশ হিসেবে নিজস্ব স্বার্থে পদক্ষেপ নেবে। ভারতসহ অন্য যে কোনো দেশ বাংলাদেশের সঙ্গে রাষ্ট্রীয় স্বার্থে এনগেজ করবে। নিরাপত্তা সংক্রান্ত কোনো বিষয় থাকলেও বাংলাদেশ তা মাথায় রাখবে, তবে কোনো আপস করবে না।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতে জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে একাধিক দেশের সঙ্গে সম্পর্ক রক্ষার চেষ্টা করা হয়েছিল। বর্তমান সরকার সেই অবস্থান থেকে বেরিয়ে এসেছে। এখন পারস্পরিক ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করেই কাজ করা হবে।
তিনি আরও বলেন, ব্যারাজ নির্মাণ মানে এই নয় যে বাংলাদেশ নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করা ছেড়ে দিচ্ছে। অভিন্ন ৫৩টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে নদী শাসন ও সুরক্ষায় অভ্যন্তরীণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে।
প্রেস ব্রিফিংয়ে তিনি শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ, দুর্নীতি প্রতিরোধে দুদকের স্বাধীন ভূমিকা এবং নতুন তথ্য কমিশন গঠনের অগ্রগতির বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন।



